ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে আল-হিলালে গিয়ে চোটে টানা দেড়বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। সৌদি ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে এসেও কয়েকদফা চোটে পড়েছেন ব্রাজিলীয় তারকা। সব অচল অধ্যায় পেছনে ফেলে ক্রমেই সেরা চেহারায় ফিরছেন তিনি। সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে গোল না পেলেও দলের জয় নিয়েই মাঠ ছেড়েছে নেইমার।
ব্রাজিলের ঘরোয়া লিগ সিরি আ’তে গত সপ্তাহে জুভেন্টুডের বিপক্ষে ৩-১ গোলে জেতে সান্তোস। জোড়া গোলের দেখা পেয়েছিলেন নেইমার। যা ছিল ২০২২ সালের আগস্টের পর কোন ম্যাচে তার প্রথম জোড়া গোল। বছর তিনেক আগের সময়ের পর টানা ৬ ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড।
সোমবার ক্রুজেইরোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে সান্তোস। ৪৩ মিনিটে ফ্যাব্রিসিও ব্রুনোর গোলে এগিয়ে যায় ক্রুজেইরো। দ্বিতীয়ার্ধে গুইলহের্মে ও গুস্তাভো ক্যাবাল্লেরোর গোলে জয় নিশ্চিত হয় সান্তোসের। গোল না পেলেও আলো ছড়িয়েছেন নেইমার।
ক্রুজেইরোর রক্ষণ নেইমারকে আটকাতে রীতিমতো খাবি খেয়েছে। একবার তো প্রতিপক্ষকে খাবি খাইয়ে মাঠে আসা দর্শকদের করতালিও পেয়েছেন নেইমার। বামপ্রান্ত থেকে বক্সে ঢুকে পড়েন, এরপর বল নিয়ে এত দ্রুত ঘোরেন যে তাকে সামলাতে গিয়ে প্রতিপক্ষের মার্কার ফাব্রিসিও ব্রুনো মাটিতে পড়ে যান। প্রতিপক্ষ যখন আবার উঠে দাঁড়ায়, তখন আবার ঘুরে দাঁড়ান নেইমার এবং ব্রুনোকে ছায়ার মতো পেছনে ফেলে দেন।
অবনমন এড়াতে লড়াই করতে থাকা সান্তোস ১৮ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠেছে। জয়ে দারুণ খুশি নেইমার সতীর্থ-সমর্থকদের নিয়ে বলেছেন, ‘দারুণ জয়, প্রতিদিন আরও ভালো হওয়ার জন্য কাজ করে যেতে হবে। আমাদের লক্ষ্য অর্জনের পথে এগোতে হবে। প্রচেষ্টার জন্য দলকে অভিনন্দন। এগিয়ে চলো পেইজি (সান্তোসের ডাকনাম)।’
রোববার ভাস্কো দ্য গামার বিপক্ষে পরের ম্যাচে লড়বে সান্তোস।







