এআই চিপের চাহিদায় রেকর্ড মুনাফার পথে স্যামসাং

ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য ব্যবহৃত মেমোরি চিপের চাহিদা বাড়ায় রেকর্ড মুনাফার পূর্বাভাস দিয়েছে সাউথ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা প্রায় নয় গুণ বাড়তে পারে।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে স্যামসাংয়ের পরিচালন মুনাফা ১০৭ দশমিক ৪ ট্রিলিয়ন ওন বা প্রায় ৮০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এমনটি হলে টানা চতুর্থ প্রান্তিকে রেকর্ড মুনাফা করবে প্রতিষ্ঠানটি।
স্যামসাং বিশ্বের অন্যতম বড় মেমোরি চিপ নির্মাতা। এ খাতে সাউথ কোরিয়ার এসকে হাইনিক্স এবং যুক্তরাষ্ট্রের মাইক্রনের সঙ্গে প্রতিযোগিতা করছে প্রতিষ্ঠানটি। এ কোম্পানিগুলোর তৈরি চিপ এআই প্রযুক্তি ও ডেটা সেন্টারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এআই প্রযুক্তির বিকাশে প্রয়োজনীয় কম্পিউটার চিপের বৈশ্বিক চাহিদা গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। এর ফলে সেমিকন্ডাক্টরের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে এবং নির্মাতারা চিপের দাম বাড়াতে সক্ষম হয়েছে। এতে স্যামসাংয়ের মতো কোম্পানিগুলোর বিক্রি ও মুনাফা বেড়েছে।
চলতি বছরের শুরুতে স্যামসাংয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এআই খাতের সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে চিপ শিল্পে বিনিয়োগও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গুগল, অ্যামাজন ও মেটার মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলো চলতি বছর এআই প্রকল্পে ৬৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও চিপ উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা নিয়েছে।
জুনে দক্ষিণ কোরিয়া ঘোষণা দেয়, আগামী কয়েক বছরে স্যামসাং ও এসকে হাইনিক্সের নেতৃত্বে চিপ উৎপাদন অবকাঠামো সম্প্রসারণে অন্তত ৮৮০ বিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে। জাপান, চীন ও তাইওয়ানের বিভিন্ন প্রতিষ্ঠানও এআই চিপের বাড়তি চাহিদা মেটাতে নতুন কারখানা স্থাপনে বড় বিনিয়োগ করছে।
অন্যদিকে স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। আগস্টে প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মের ভাঁজ করা স্মার্টফোন বাজারে এনেছে। এর মধ্যে গ্যালাক্সি ফোল্ড সিরিজের পাশাপাশি গ্যালাক্সি এস২৬ সিরিজও রয়েছে।
স্যামসাংয়ের তৃতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন অক্টোবরের শেষ দিকে প্রকাশ করা হবে। এর আগে বিনিয়োগকারীদের ধারণা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি মুনাফার প্রাথমিক পূর্বাভাস প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার বড় কোম্পানিগুলো সাধারণত বিস্তারিত আর্থিক প্রতিবেদন প্রকাশের আগে এ ধরনের পূর্বাভাস দিয়ে থাকে।
চিপের ঘাটতি ও বাড়তি চাহিদার কারণে স্যামসাংসহ বিভিন্ন নির্মাতা দাম বাড়াচ্ছে। এর প্রভাব পড়ছে স্মার্টফোন, কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দামেও।






