তথ্যপ্রযুক্তি

দু’ভাগ হয়ে যাচ্ছে স্যামসাং

দু’ভাগ হয়ে যাচ্ছে স্যামসাং

সাউথ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স ভাগ হয়ে একটি থেকে দু’টি আলাদা প্রতিষ্ঠান হওয়ার কথা ভাবছে। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে স্যামসাং কর্তৃপক্ষ।

বিখ্যাত স্মার্টফোন নির্মাতা এই কোম্পানিটি তার গ্যালাক্সি নোট সেভেন কেলেঙ্কারির পর থেকেই এর বড় বড় বিনিয়োগকারীদের কাছ থেকে চাপের সম্মুখীন হচ্ছে।

বিনিয়োগকারীদের দাবি, বিশাল এই প্রতিষ্ঠানটিকে দু’ভাগ করে একটি হোল্ডিং ইউনিট এবং একটি পরিচালনা কোম্পানি প্রতিষ্ঠা করা হোক। এতে শেয়ার হোল্ডারদের কাছে স্যামসাংয়ের দর বাড়বে।

ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হওয়া আর আগুন ধরে যাওয়ার সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় গত অক্টোবরে স্যামসাং তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন মডেল গ্যালাক্সি নোট সেভেন তৈরি বন্ধ করতে বাধ্য হয়।

বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, আগে প্রতিষ্ঠানের বাইরে থেকে বেশ কয়েকজন উপদেষ্টা ও পরীক্ষককে বিস্তারিত রিভিউ করার জন্য আনা হবে, যেন সবচেয়ে সন্তোষজনক একটা কর্পোরেট কাঠামো তৈরি করা যায়।

সবকিছুর পর ২০১৬ এবং ২০১৭-র উদ্বৃত্ত অর্থের অর্ধেক ওশয়ার হোল্ডারদেরকে দেয়ার কথা জানিয়েছে স্যামসাং। পাশাপাশি গত বছরের তুলনায় ২০১৬ সালের ডিভিডেন্ড ৩৬ শতাংশ বাড়ানোর কথাও বলা হয়েছে।

এছাড়াও প্রতিষ্ঠানটি ভালোভাবে পরিচালনার জন্য স্যামসাং অন্তত “একজন নতুন, আন্তর্জাতিক ও স্বাধীন বোর্ড মেম্বার মনোনীত করার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে গঠন করা হবে একটি আলাদা গভর্ন্যান্স কমিটি।

বিষয়:স্যামসাং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…