এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি–এর নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কাজি শায়রুল হাসান এবং এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন আবেদুর রহমান সিকদার।
সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁরা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বর্তমানে আবেদুর রহমান সিকদার বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি–এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত রয়েছেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।
ব্যাংকিং খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন নেতৃত্ব ব্যাংকটির কার্যক্রমে গতি আনতে সহায়ক হবে। বিশেষ করে সুশাসন, ব্যবসায়িক সম্প্রসারণ, আমানত ও বিনিয়োগ কার্যক্রম এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
দেশের ইসলামি ধারার ব্যাংকগুলোর অন্যতম এ প্রতিষ্ঠানটিতে সাম্প্রতিক ব্যবস্থাপনা পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।







