অর্থনীতি

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নতুন অর্থনৈতিক সহায়তা চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের নতুন অর্থনৈতিক সহায়তা ও ব্যাংকিং খাতের উন্নয়নের জন্য চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

তারল্য সংকটে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ২,৫০০ কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগের দিনও একই পরিমাণ অর্থ সহায়তা পেয়েছিল ব্যাংকটি।

আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হোসেন।

তিনি বলেন, “গতকালও আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছি। সেই অর্থ এখনো ব্যবহার করতে হয়নি।”

মো. আলতাফ হোসেন বলেন, যেসব গ্রাহক সাম্প্রতিক সময়ে আমানত তুলে নিয়েছেন, তাদের মধ্যে ধীরে ধীরে আস্থা ফিরছে। ইতিমধ্যে এর কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি বলেন, ব্যাংকের একটি বড় শাখা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগের তুলনায় হিসাব বন্ধের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে।

এর আগে শনিবার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ পর্ষদের সদস্যদের অপসারণ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানত তুলে নেওয়ার প্রবণতা বৃদ্ধি এবং গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তার কারণে ব্যাংকটি তীব্র তারল্য সংকটে পড়েছিল। পরিস্থিতি স্থিতিশীল করতে একাধিক পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

দেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ এবং ধারাবাহিক তারল্য সহায়তার মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা।

বিষয়:অর্থনীতি আমানত আর্থিক খাত ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক প্রশাসক নিয়োগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…