দুর্গাপূজায় সমরজিৎ-প্রিয়াঙ্কার রোমান্টিক গান

বাংলাদেশের জনপ্রিয় ও গুণী দুই সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ আবারও জুটিবদ্ধ হয়েছেন নতুন একটি মৌলিক গানে। দুর্গাপূজা উপলক্ষে আসছে তাদের রোমান্টিক দ্বৈত গান ‘মায়াবী জ্যোৎস্না রাতে’।
এবারের আয়োজনে তাদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী মৌসুমী, ঐশী, প্রতিমা, অর্ণি, অর্চিশা ও মিতা।
প্রিয়াংকা ও সমরজিৎ এর কণ্ঠের সাবলীল মেলবন্ধনের সঙ্গে সুরছায়ার শিক্ষার্থীদের কোরাস ও সরগম যুক্ত হয়ে তৈরি করেছে ভিন্ন এক সুরের আবেশ। সঞ্জয় রায়ের লেখা গানটির সুর, সংগীতায়োজন ও সঙ্গীত পরিচালনা করেছেন সমরজিৎ রায়।
গানটি নিয়ে সমরজিৎ রায় বলেন, “সুরছায়ার শিক্ষার্থীরা খুব যত্ন নিয়ে কোরাস ও সরগমের অংশগুলো গেয়েছে। একজন শিক্ষক হিসেবে নিজের শিক্ষার্থীদের একটি মৌলিক ও পেশাদার সঙ্গীত প্রযোজনায় যুক্ত করতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের। প্রিয়াংকা বরাবরের মতোই অসাধারণ গেয়েছেন। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমরা আশাবাদী।”
আগামী ১৪ অক্টোবর ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ প্রকাশ পাবে আইটিউনস, স্পটিফাইসহ আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে। একই দিনে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।






