আন্তর্জাতিক

পুনের মন্দিরে নাবালিকার শ্লীলতাহানি, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ

পুনের মন্দিরে নাবালিকার শ্লীলতাহানি, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ

ছবি: সংগৃহীত

পুনের কাছে একটি মন্দিরে এক নাবালিকাকে যৌন হেনস্তার চেষ্টার অভিযোগে এক চুক্তিভিত্তিক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার (১৩ অক্টোবর) কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির ১৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে এবং তা নিয়ে অনলাইনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছিল ১০ অক্টোবর সকাল ১১টা ৭ মিনিটের দিকে।

উদ্বেগজনক ওই ভিডিওটিতে দেখা যায়, মেয়েটি একটি শিব মন্দিরে প্রার্থনা করছে। প্রার্থনা শেষে সে যখন বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই অভিযুক্তকে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়। তার পরনে ছিল কাজের ইউনিফর্ম—একটি কমলা রঙের জ্যাকেট, যা সাধারণত নির্মাণস্থলে কর্মরত শ্রমিকরা পরে থাকেন।

মন্দিরের ভেতরে মেয়েটিকে একা পেয়ে সে তার হাত ধরে ফেলে এবং যৌন হেনস্থার চেষ্টা করে। আতঙ্কিত মেয়েটি কয়েক সেকেন্ড ধস্তাধস্তির পর লোকটিকে ঠেলে সরিয়ে দিতে সক্ষম হয়। এরপর লোকটিকে সেখান থেকে চলে যেতে দেখা যায় এবং ভিডিওটি সেখানেই শেষ হয়।

পুনে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড় শহরের নিগদি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম বিশাল সিং; সে একজন পরিযায়ী চুক্তিভিত্তিক শ্রমিক যে মেট্রো প্রকল্পের নির্মাণস্থলে কাজ করত।

পুনে পুলিশের সিনিয়র ইন্সপেক্টর মহেশ বানসোদে জানিয়েছেন, ঘটনার গুরুত্ব বিবেচনা করে নিগদি পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে আটক করে।

বানসোদে আরও জানান, নিগদি থানায় তার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং পকসো (যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:পুনের মন্দির
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…