পাঁচ দেশ নিয়ে ২০২১ সালের ডিসেম্বরে ঢাকায় বসেছিল সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। ভারতকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশের উদযাপনের দৃশ্য অনেকের স্মৃতিতেই টাটকা। গত নভেম্বরে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপেও স্বাগতিক ছিল বাংলাদেশ। এ দুই আসরের সব খেলা টিভিতে সম্প্রচারিত হয়েছিল। শুক্রবার থেকে শুরু হতে চলা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের খেলাগুলো অবশ্য টিভিতে দেখা যাবে না।
বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে জানানো হল, দেশের কোনো টিভি চ্যানেল টুর্নামেন্ট সরাসরি দেখাবে না। স্পোর্টস ওয়ার্ক নামের একটি ইউটিউব চ্যানেলে খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার খেলার ধারাবিবরণী প্রচার করবে।
দেশের মাটিতে টুর্নামেন্টের আয়োজন করা হলেও কেনো টিভি চ্যানেলগুলো সম্প্রচারের আগ্রহ দেখায়নি সেটির উত্তরও পাওয়া যায়নি। বাফুফে এ ব্যাপারে বিস্তারিত বলতে নারাজ। দেশে একটি বেসরকারি স্পোর্টস চ্যানেল আছে, তাদের পক্ষ থেকেও সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়নি।
গ্যালারিতে বসে দর্শকরা সাফের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। বাফুফে ভবন এবং টুর্নামেন্টের ভেন্যু কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন বুথে ৫০ টাকায় মিলবে টিকিট।








