লন্ডনে সাত বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করা রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিনকে গত ২১ জুলাই কূটনৈতিক দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে মস্কো। তবে তার প্রত্যাহারের পর এখনও নতুন রাষ্ট্রদূত নিয়োগের জন্য কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি রাশিয়া।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক পোস্টে বলা হয়েছে, রাষ্ট্রদূতের পদ শূন্য রাখার ঘটনায় রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও অবনতির দিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে।
বর্তমানে লন্ডনে রুশ দূতাবাসের কার্যক্রম একজন চার্জ দ্য অ্যাফেয়ার্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
ইউক্রেনকে যুক্তরাজ্যের সামরিক ও রাজনৈতিক সমর্থন নিয়ে মস্কো ও লন্ডনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এর মধ্যে কেলিনকে প্রত্যাহারের পর রাষ্ট্রদূতের পদে নতুন কাউকে নিয়োগ না দেওয়াকে কূটনৈতিক সম্পর্কের মাত্রা কমিয়ে দেওয়ার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
কেলিন ২০১৯ সাল থেকে যুক্তরাজ্যে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার দীর্ঘ দায়িত্বের অবসানের পরও মস্কো নতুন রাষ্ট্রদূত নিয়োগ না করায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।









