রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশিয়ায় গিয়েছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। সেখানে তিনি বলেছেন, প্রায় চার বছর পর তার প্রথম রাশিয়া সফর ছিল দুই দেশের সম্পর্কের “কৌশলগত গুরুত্বের” স্পষ্ট প্রদর্শন।
এনডিটিভি জানিয়েছে, ১২ সেপ্টেম্বর মঙ্গলবার কিম জং উন ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে করে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকে ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে যান।
সফরটি নিয়ে কিম জং উন বলেছেন, রাশিয়ায় তার সফর নর্থ কোরিয়া এবং কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার (ডব্লিউপিকে) সাথে রাশিয়ার সম্পর্কের ‘কৌশলগত গুরুত্ব’কে অগ্রাধিকার দেওয়া নিয়ে সরকারের অবস্থানের একটি স্পষ্ট প্রকাশ।
ধারণা করা হচ্ছে, ইউক্রেনে যুদ্ধের জন্য নর্থ কোরিয়া থেকে অস্ত্র ক্রয়ের জন্য এই দুই নেতার মধ্যে বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, গত জুলাই মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর নর্থ কোরিয়া সফররের পর এই বৈঠকটি চূড়ান্ত করা হয়।







