রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের সাথে করা শস্য চুক্তি থেকে বেরিয়ে গেছে। এই চুক্তির ফলে এতদিন ইউক্রেন কৃষ্ণ সাগরের মাধ্যমে শস্য রপ্তানি করতো।
বিবিসি জানায়, রাশিয়া জাতিসংঘ, তুরস্ক এবং ইউক্রেনকে জানিয়েছে, তারা গুরুত্বপূর্ণ এই শস্য চুক্তি পুনরায় নবায়ন করবে না।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সোমবার দুই দেশের মধ্যে করা এই চুক্তিটি শেষ হয়েছে। তবে রাশিয়ার শর্ত পূরণ হলে তারা চুক্তিতে আবারো ফিরে আসবে।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই অভিযোগ করেছিলেন, রাশিয়ার খাদ্য ও সার রপ্তানির অনুমতি দেওয়ার চুক্তিটি সঠিকভাবে পালন করা হয়নি। তিনি বলেছিলেন, চুক্তির শর্ত অনুযায়ী দরিদ্র দেশগুলোতে শস্য সরবরাহ করা হয়নি।
অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি বিশ্বাস করেন যে পুতিন চুক্তিটি চালিয়ে যেতে চান এবং আগামী মাসে যখন তারা ব্যক্তিগতভাবে দেখা করবেন তখন তারা চুক্তির নবায়ন বিষয়ে আলোচনা করবেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনীয় বন্দরগুলো অবরোধ করে প্রায় ২০ মিলিয়ন টন শস্য আটকে দেয় রাশিয়া। পরে তুরস্কের হস্তক্ষেপে একটি শস্য চুক্তিতে রাজি হয় দুই দেশ। শস্য চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউক্রেন সূর্যমুখী, ভুট্টা, গম এবং বার্লি রপ্তানিকারকদের মধ্যে বৃহত্তম।







