৯২ বছরে রুপার্ট মারডকের পঞ্চম বিয়ে

A senior man and a woman pose together at a formal gathering, smiling for the camera. Channel i News – চ্যানেল আই নিউজ
মিডিয়া টাইকুন রুপার্ট মারডক তার সঙ্গী অ্যান লেসলি স্মিথের সাথে তার বাগদানের ঘোষণা দিয়েছেন। মারডক (৯২) এবং স্মিথ (৬৬) গত বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে প্রথম পরিচিত হয়। গত বছরই মারডকের চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।
এবিষয়ে মারডক তার নিজস্ব প্রকাশনা নিউইয়র্ক পোস্টকে বলেছেন, আমি প্রেমে পড়ার ভয় পেতাম। কিন্তু আমি জানি এটিই আমার শেষ এবং আমি খুশি। তিনি সেন্ট প্যাট্রিক দিবসে স্মিথকে প্রথম প্রেমের প্রস্তাব দেয়।
তিনি বলেন, আমরা দুজনেই আমাদের জীবনের দ্বিতীয়ার্ধ একসাথে কাটানোর অপেক্ষায় আছি।
লেসলি স্মিথের প্রয়াত স্বামী চেস্টার স্মিথ একজন গায়ক এবং রেডিও ও টিভির নির্বাহী ছিলেন। স্মিথ জানান, আমাদের দুজনের জন্যই এটা ঈশ্বরের উপহার। আমি একজন বিধবা। রুপার্টের মতো, আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, গ্রীষ্মের শেষের দিকে বিবাহ অনুষ্ঠিত হবে এবং নবদম্পতি ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের মধ্যে তাদের পরবর্তী সময় কাটাবেন।
মারডক এর আগে অস্ট্রেলিয়ান বিমানবালা প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান এবং চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন।






