জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অপচেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া কিছু পান্ডা।’
তিনি বলেন, ‘ড. ইউনূসকে হেনস্তার ঘটনা বাংলাদেশ থেকে পলায়ন করা পতিত ফ্যাসিস্টদের অনুশোচনার অভাব ও দেশবিরোধী কার্যকলাপের ধারাবাহিকতার অংশ। ড. ইউনূসের প্রতি এ অসম্মানজনক আচরণ পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তির বহিঃপ্রকাশ।’
রুহুল কবির রিজভী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণেই জেএফকে বিমানবন্দরে প্রফেসর ইউনূসের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।’
তিনি বলেন, ‘ড. ইউনূস শুধু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টাই ছিলেন না, তিনি নোবেলজয়ী ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। জেএফকে বিমানবন্দরে শুধু তার প্রতি অসদাচরণ করা হয়নি, বরং বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করা হয়েছে।’
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আওয়ামী দুঃশাসনে দেশ গুম-খুন ও গুপ্তহত্যার এক অরাজক পরিস্থিতির মধ্যে ছিল। সেই অপশাসনের সহযোগী দুষ্কৃতকারীরা দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং তারাই ড. ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে। বিদেশের মাটিতে সংঘটিত এ অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এ ধারণাকে আরও পাকাপোক্ত করেছে যে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির ব্যাপ্তি এখনো আগের মতোই অব্যাহত রয়েছে। এ কারণেই তিনি নিজেদের কর্মীদের দেশে-বিদেশে উসকানি দিচ্ছেন এবং বাংলাদেশেও নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছেন বলে বাংলাদেশের জনগণের কাছে তা প্রতিনিয়ত স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে।’
বিবৃতিতে রিজভী জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আওয়ামী দুষ্কৃতকারীদের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানান।






