দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেনের পরিবারে নেমে এসেছে শোক। তারকা এ ক্রিকেটার বাবা হারালেন। ৩৩ বর্ষী রুবেলের বাবা সিদ্দিকুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে রুবেল লিখেছেন, ‘আমার বাবা আর নেই। সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’
গত জুনে রুবেল বাবার অসুস্থতা নিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। লিখেছিলেন, ‘ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার হিরোর মত আমার মাথার উপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি সময় ধরে প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’
‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন ( আমিন )। মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি, পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’







