সবশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন রুবেল হোসেন। এরপর আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি এ পেসার। লম্বা সময় দলের বাইরে থাকা রুবেল এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল লিখেছেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টুয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন রুবেল। আন্তর্জাতিক ক্যারিয়ারে রুবেল ২৭ টেস্টে নিয়েছেন ৩৬টি উইকেট। ১০৪টি ওয়ানডেতে তার শিকার ১২৯টি উইকেট, আর ২৮টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৮টি উইকেট।
২০০৯ সালের জানুয়ারি মাসে ওয়ানডে ক্রিকেট দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল এই পেসারের। একই বছর ওয়ানডে ও টেস্ট অভিষেকও হয়েছিল তার।







