রাশিয়া থেকে আজ আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

ছবি: সংগৃহীত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার ২ অক্টোবর বাংলাদেশে আসছে। জ্বালানি পরিবহনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে বিশেষ কার্গো উড়োজাহাজে করে রাশিয়া থেকে পাঠানো জ্বালানি শুক্রবার দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
বিমানবন্দরে পৌঁছানোর পর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষ ব্যবস্থায় এসব জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পারমাণবিক জ্বালানি পরিবহনের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পুরো প্রক্রিয়ায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জ্বালানি বহনকারী উড়োজাহাজকে যেসব দেশের আকাশসীমা ব্যবহার করতে হবে, সেসব দেশের কাছ থেকে আগেই অনুমতি নিতে হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবারই রাশিয়া ও বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছিল। তবে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইটটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। পরে এক দিন পিছিয়ে শুক্রবার জ্বালানি পরিবহনের নতুন সূচি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনা হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে রূপপুরের জন্য প্রয়োজনীয় পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।






