রোলাঁ গারোয় ইতালির ফ্লাভিও কোবোলিকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন আলেক্সান্ডার জভেরেভ। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জয় পেতে ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে জার্মান তারকাকে। তাকে লড়াই করতে হয়েছে জীবনের বিভিন্ন ক্ষেত্রেও। এটি জার্মানদের জন্য বহুল কাঙ্ক্ষিত শিরোপা।
রোববার রাতে রোলাঁ গারোয় কোবোলিকে ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭, ৬-১ সেটে হারান র্যাঙ্কিংয়ে তিনে থাকা জভেরেভ। প্রথম সেটে সহজ জয় পেলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান ইতালিয়ান ফ্লাভিও। তৃতীয় সেট আবার নিজের করে নেন জভেরেভ। খেলা জমে ওঠে চতুর্থ সেটে, ৬-৬এ ড্র হয় গেম। টাইব্রেকারে সেট নিজের করেন কোবোলি। শেষ সেট আর হাতছাড়া করেননি জভেরেভ, ৬-১এ জিতে ইতিহাস গড়েন।
৪ ঘণ্টা ১৬ মিনিটের ফানাইলে ২৯ বর্ষী জভেরেভের শুধু কোলোলির বিপক্ষে নয়, লড়তে হয়েছে শারীরিক অবস্থার সঙ্গেও। তিনি টাইপ-১ ডায়াবেটিসে ভুগছেন। ৪ বছর বয়সে তার ডায়াবেটিস শনাক্ত হয়। থেরাপিউটিক ইউজ এক্সাম্পশনের অধীনে ম্যাচ চলাকালীন কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর এবং ইনসুলিন ব্যবহার করেন তিনি। জার্মান তারকা বিশ্বব্যাপী শিশুদের সাহায্য করার জন্য একটি ফাউন্ডেশন খুলেছেন।
জভেরেভের গ্র্যান্ড স্লাম জয়ের জন্য পুরো জার্মানির বিশাল অপেক্ষা ছিল। দেশটির কোন খেলোয়াড় সবশেষ এটি জিতেছিলেন ১৯৯৬ সালে। বরিস বেকার ৩০ বছর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। তবে রোলাঁ গারোয় ৯০ বছর আগে শেষ কোন জার্মান জিতেছিলেন। গটফ্রিড ভন ক্রাম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ১৯৩৬ সালে। জার্মানদের আক্ষেপ জভেরেভ নেভাতে পারতেন আরও আগে। বেশ কয়েকবার শিরোপার কাছে যেয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাকে।
২০২০ সালে প্রথম গ্র্যান্ড স্লামের হাতছানি ছিল তার। অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমের বিপক্ষে ইউএস ওপেনে শুরুটা ভালো করেও শেষ তিন সেটে হারতে হয়েছিল। ২০২৪ সালে স্পেনের কার্লোস আলকারাজের কাছে ফেঞ্চ ওপেনে হেরেছিলেন। সবশেষ গতবছর আরেক ইতালিয়ান ইয়ান্নিক সিনারের বিপক্ষে প্রথম তিন সেটে হেরে হাতছাড়া করেছিলেন অস্ট্রলিয়ান ওপেন।
জভেরেভ একমাত্র জার্মান, যিনি ছেলেদের একক অলিম্পিকে দেশের হয়ে স্বর্ণপদক জিতছেন। ২০২০ টোকিও অলিম্পিকে এ কৃর্তি গড়েছেন। দীর্ঘ অপেক্ষা এবং চেষ্টার পর জিতলেন একটি গ্রান্ড স্লামও। ম্যাচ হেরেও কোবোলি বলেছেন, ‘যদি কেউ আমাকে জিজ্ঞেস করে এই শিরোপা কার প্রাপ্য, বলব তোমার (জভেরেভ)।’







