ক্রিকেট

চুক্তিতে ক্রিকেটারদের জন্য যে শর্ত জুড়ে দিল স্পন্সর কোম্পানি

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত, স্পন্সর কোম্পানি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর হিসেবে টেলিকম কোম্পানি রবির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেও বিসিবিকে পৃষ্ঠপোষকতা করেছে প্রতিষ্ঠানটি। তবে মেয়াদ ফুরনোর আগেই ২০১৮ সালে চুক্তি বাতিল করে নিয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার শর্ত দিয়ে জাতীয় দলের টাইটেল স্পন্সর হল টেলিকম প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে প্রথমবার বাংলাদেশ দলের স্পন্সর হয়েছিল রবি। ২০১৭ সালে আরও তিন বছর মেয়াদ বাড়িয়ে ২০১৯ সাল পর্যন্ত করে চুক্তি। কিন্তু মেয়াদ পূর্ণ করার আগেই সরে যায় তারা। জাতীয় দলের একাধিক ক্রিকেটারের অন্য টেলিকমিউনিকেশন কোম্পানির সঙ্গে ব্যক্তিগত চুক্তি করাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠানটি।

নতুন মেয়াদে ৫০ কোটি টাকায় বিসিবির সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তি করেছে রবি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত চুক্তির মেয়াদ। চুক্তির শর্তানুযায়ী অধিনায়ক ও সহ-অধিনায়কসহ জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো ক্রিকেটার সাংঘর্ষিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন না। অর্থাৎ, অন্যকোনো টেলিকম কোম্পানির সাথে যুক্ত হতে পারবেন না।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ প্রসঙ্গে বললেন, ‘বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা কোনো ক্রিকেটার রবির সঙ্গে সাংঘর্ষিক, এমন প্রতিষ্ঠানের স্পন্সর নিতে পারবে না। তবে এরকম প্রতিষ্ঠানগুলোর সাথে যাদের চুক্তির মেয়াদ এখনও বহাল রয়েছে, তারা তা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চালিয়ে নিতে পারবে। বলতে চাচ্ছি, এখন থেকে নতুন করে কোনো সাংঘর্ষিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যেতে পারবে না।’

বিষয়:টিম টাইগার্স নিজাম উদ্দিন চৌধুরী বিসিবি রবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…