খাগড়াছড়িতে সড়ক অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার

প্রতিনিধির পাঠানো চিত্র
খাগড়াছড়িতে স্থগিত থাকা সড়ক অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক দিক বিবেচনা ও প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আংশিকভাবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
অবরোধ তুলে নেওয়ার পর জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো সময় ১৪৪ ধারা প্রত্যাহার করা হতে পারে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ অনুযায়ী দ্রুতই ১৪৪ ধারা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, খাগড়াছড়িতে এক মারমা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র জনতা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছিল। পরবর্তীতে গত মঙ্গলবার রাত ১১টা থেকে তা ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়।
এর আগে ২৩ সেপ্টেম্বরের ঘটনার পর ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত হন এবং সেনা কর্মকর্তাসহ বহু মানুষ আহত হন। ওই সময় গুইমারার রামসু বাজার ও আশপাশের এলাকায় দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া জেলা সদরের মহাজনপাড়া, নারিকেল বাগান ও স্বনির্ভর বাজারে বহু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।






