জনপদ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, বিপদ সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, যা সড়কে সচেতনতা বৃদ্ধি করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এক দম্পতি নিহত হয়েছেন। 

বুধবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলা সদরের তিশিগাড়ী নামক স্থানে। নিহতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদরের পুরাতন বাজার এলাকার ময়নুল হাসান (৭৪) ও তার স্ত্রী রওশন আরা (৬৫)।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ৬টায় বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে এক দম্পতি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১৭-৬৩৬২) যোগে নওগাঁ অভিমুখে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি উপজেলা সদরের তিশিগাড়ী নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কারটি রাস্তার পাশে একটি তালগাছের সাথে ধাক্কা খায়। এতে কারটির সামনের অংশ দুমেড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রওশন আরা (৬৫) মারা যান। স্থানীয়রা গুরুত্বর আহত ময়নুল হাসান ও চালককে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় ময়নুল হাসান মারা যায়। চালক গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নিহত দম্পতি রাজশাহী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডলের শ্বশুর শাশুড়ি। তারা ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রওশন আরা নামক এক মহিলা মারা গেছেন এবং তার স্বামী ময়নুল হাসান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে স্থানান্তরিত করা হয়েছে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…