বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল। তিনি বলেন, খুব শিগগিরই চালের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে আসবে।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় দীপিকার মোড়ে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, এখন আমনের ভরা মৌসুম। প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুযায়ী বাজারে চালের ঘাটতি নেই। সরকারের চালের মজুত, স্থানীয় উৎপাদন ও সংগ্রহে কোনো ঘাটতি নেই।
তিনি জানান, আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী বছরের জন্য সরকারিভাবে আলু মজুত করা হবে।
বাণিজ্য উপদেষ্টা এসময় আরও বলেন, টিসিবির পণ্য বিতরণে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে, তা স্বীকার করে নেওয়া দরকার ছিল। সেটা আমরা করেছি। এখন ডিজিটালাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি।







