শনিবার (১৫ নভেম্বর) দিল্লিতে পারফর্ম করার কথা ছিল খ্যাতিমান সংগীতশিল্পী আরমান মালিকের, আর একই দিনে গুরগাঁওয়ে মঞ্চে ওঠার কথা ছিল পিযুষ মিশ্রের। তবে সপ্তাহের শুরুতে লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে দুই তারকাই তাদের অনুষ্ঠান স্থগিত করেছেন।
গায়ক আরমান মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,“দিল্লি, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৫ নভেম্বরের আমার কনসার্ট সাম্প্রতিক পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। খুব শিগগিরই আরও আপডেট জানাব।”
তিনি আরও একটি নোট শেয়ার করেন, যেখানে বলা হয়েছে-“শ্রদ্ধা জানানো এবং দিল্লিতে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনার প্রেক্ষিতে ‘আরমান মালিক লাইভ ইন দিল্লি’ শো- যা ১৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হলো। দর্শক, শিল্পী ও টিম সদস্যদের নিরাপত্তা এবং কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
নোটে আরও যোগ করা হয়, “নতুন তারিখ পরে জানানো হবে। আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল নিহতদের পরিবারের প্রতি। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। বুক মাই শো- থেকে কেনা সকল টিকিট নতুন তারিখেও বৈধ থাকবে।”
অন্যদিকে অভিনেতা-গায়ক পিযুষ মিশ্রও জানিয়েছেন যে তাঁর গুরগাঁও শো স্থগিত করা হয়েছে। তার ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে,“দিল্লির লালকেল্লায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনার পর ১৫ নভেম্বরের আমাদের গুরগাঁও শো আপাতত বাতিল করা হলো। এই কঠিন সময়ে আমরা শহরের পাশে আছি। নিরাপত্তাজনিত সব প্রটোকল নিশ্চিত হলে নতুন তারিখ জানানো হবে।”
প্রসঙ্গত, ১০ নভেম্বর সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ওই সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হন। –ডিএনএ ইন্ডিয়া







