পারিশ্রমিক বকেয়া থাকায় রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। অন্তত দুজন বিদেশিকে খেলানোর নিয়ম থাকলেও পরে বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমোদনে শুধুমাত্র দেশিদের নিয়ে খেলতে নামে রাজশাহী। শঙ্কা ছিল লিগপর্বে দলটির শেষ ম্যাচেও বিদেশিদের খেলা নিয়ে। যা কেটে গেছে, চার বিদেশিকে নিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে মাঠে এসেছে তাসকিন আহমেদের দল।
সোমবার দিনের দ্বিতীয় ম্যাচ সিলেটের বিপক্ষে নামবে রাজশাহী। তার আগে চার বিদেশিকে নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছেছে দলটি।
লিগপর্বে রাজশাহীর শেষ ম্যাচ খেলতে দলের সঙ্গে মাঠে এসেছেন লাহিরু সামারাকুন, রায়ান বুর্ল, আফতাব আলম ও মার্ক দায়াল। তবে টিম হোটেলে থেকে গেছেন মোহাম্মদ হারিস। ফ্যাঞ্চাইজিটির একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, রোববারই পারিশ্রমিক বুঝে পেয়েছেন বিদেশি ক্রিকেটাররা। তবে কী পরিমাণ অর্থ পেয়েছেন তা জানায়নি।
রোববার ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেশিদের কাছে হস্তান্তর করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিক রহমান। সেই চেক দিয়ে সোমবারও টাকা তুলতে পারেননি দেশি ক্রিকেটাররা।
সোমবার সকালে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে এক ব্যাংক শাখায় যান রাজশাহীর কয়েকজন ক্রিকেটার। সেখানে চেক জমা দিয়ে জানতে পারেন টাকা পাচ্ছেন না। চেক বাউন্স না হলে মঙ্গলবার বুঝে পাবেন টাকা। আর বাউন্স হলে সেটাও একইদিনে জানতে পারবেন ক্রিকেটাররা।
নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারাতে পারলে প্লে-অফে খেলার আশা টিকে থাকবে রাজশাহীর। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে দলটি। অন্যদিকে সিলেটের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। ১০ ম্যাচে কেবল ৪ পয়েন্ট নিয়ে তলানিতে তারা। সন্ধ্যা সাড়ে ৬টায় গড়াবে ম্যাচ।







