এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সরকার এমন আশ্বাস দিলে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন ভারতীয় সমাজকর্মী ও পরিবেশবাদী সোনম ওয়াংচুক।
বুধবার (২২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে লেখা এক চিঠিতে ওয়াংচুক বলেন, আমি সরকারের কাছে স্পষ্ট আশ্বাস চাই যে, এই আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো তরুণ আন্দোলনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা শুধু একটি সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন করছেন। প্রতিবেদনে বলা হয়, টানা তিন সপ্তাহ অনশন চালানোর পর গত শনিবার ৫৯ বছর বয়সী ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ। এরপর তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও তিনি অনশন অব্যাহত রাখেন। বুধবার তার অনশনের ২৫তম দিন চলছে।
চিঠিতে ওয়াংচুক মেদান্তা হাসপাতালে এসে তার সঙ্গে সাক্ষাৎ করায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে ধন্যবাদও জানান। তিনি বলেন, সরকার যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা দেয়, তাহলে চলমান অচলাবস্থার দ্রুত অবসান সম্ভব হবে।







