কোপা ডেল রে’র ফাইনালে অখেলোয়াড়ি আচরণে শাস্তির শঙ্কাতে ছিলেন আন্তোনিও রুডিগার। শাস্তির পরিমাণ কতটুকু হবে সেটা ছিল আলোচনা। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। একইদিনে আরও দুঃসংবাদ পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
ওই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন রুডিগারের সতীর্থ জুড বেলিংহ্যাম ও লুকাস ভাসকুয়েজ। এ দুজনের মধ্যে ভাসকুয়েজ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেও প্রমাণ না মেলায় বাতিল করা হয়েছে বেলিংহ্যামের লাল কার্ড। ভাসকুয়েজের দুই ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হবে শুধুই কোপা ডেল রে’তে। ফলে এ মৌসুমে কোনো নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হচ্ছে না ইংলিশ মিডফিল্ডারকে।
রুডিগারের শাস্তিতে অবশ্য খুব বেশি ক্ষতি হবে না রিয়ালের। মঙ্গলবার তার হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে। রিয়াল বিবৃতিতে জানিয়েছে, শিগগিরই রুডিগারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। আশা করা হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়া সময়ে পার হয়ে যাবে তার নিষেধাজ্ঞার সমান ম্যাচও।
তবে রিয়ালের দুঃসংবাদ এখানেই শেষ নয়। লস ব্লাঙ্কোসদের ফরাসি লেফটব্যাক ফেরল্যান্ড মেন্ডিও কোপা ডেল রে ফাইনালে ডান ঊরুতে চোট পান। পরে জানা যায় ডান ঊরুর মাংসপেশি ছিঁড়ে গেছে তার। তিনিও আছেন অস্ত্রোপচার প্রক্রিয়ার মধ্যে। যদিও এপর্যন্ত তার অস্ত্রোপচার লাগেনি। তবে লম্বা সময় থাকতে হবে মাঠের বাইরে।
এদিকে অস্ট্রিয়ান সেন্টারব্যাক ডেভিড আলাবা পড়েছেন বাঁ-হাঁটুর চোটে। আগামী কয়েকদিনের মধ্যে তার অস্ত্রোপচার করানো হবে। ছয় থেকে সর্বোচ্চ আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আলাবাকে। তবে ছয় সপ্তাহ হলে ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকবে আলাবার। যদিও অস্ত্রোপচার করিয়ে তাকে এসময়ের মধ্যে ম্যাচ খেলার মতো ফিটও হয়ে উঠতে হবে।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল। কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিততে পারেনি। এপর্যন্ত শিরোপা জয়ের দৌড়ে রিয়াল শুধু টিকে আছে লা লিগায়। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে তারা। চোট ও নিষেধাজ্ঞায় রক্ষণ ফুটবলারদের হারিয়ে এখন একাদশ সাজাতেই হিমশিম খেতে হবে কোচ কার্লো আনচেলত্তিকে।









