ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলে ৯০০ গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যার মাঝে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বাধিক ৪৫০ গোলের রেকর্ডটি রয়েছে। নিজেদের সাবেকের এমন অসাধারণ অর্জনে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেরি করেনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
পর্তুগাল মহাতারকার অর্জনে বার্তায় রিয়াল মাদ্রিদ লিখেছে, ‘আরেকটি ঐতিহাসিক অর্জন, রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম বড় কিংবদন্তির পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোল।’
‘অভিনন্দন, প্রিয় এবং প্রশংসিত ক্রিস্টিয়ানো! রিয়াল মাদ্রিদ এবং ক্লাবের সমর্থকরা সবসময় তোমাকে নিয়ে গর্বিত।’
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ৩৪ মিনিটে জালের দেখা পান ৩৯ বর্ষী রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার এটি ২১৩তম ম্যাচে ১৩১তম গোল। ক্লাব ক্যারিয়ারে গোল করেছেন আরও ৭৬৯টি। বর্তমান ক্লাব আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮ গোল রয়েছে। রিয়ালের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্টাসের হয়ে ১০১ ও স্পোর্টিং লিসবনের হয়ে ৫ গোল আছে সিআর সেভেনের।







