চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফরাসি ক্লাব লিলের কাছে ১-০তে হেরেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র কিংবা এন্দ্রিক, ম্যাচজুড়ে ছিলেন নিষ্প্রভ। চোট কাটিয়ে আগেভাগে ফিরলেও আলো ছড়াতে পারেননি কাইলিয়ান এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
এমন হারের পর কোনো অজুহাত চলে না, বলছেন ইতালিয়ান কোচ। আনচেলত্তি ম্যাচ শেষে বলেছেন, ‘রাতটা আমাদের জন্য ভালো ছিল না। কোনো অজুহাত দিতে চাই না। আমাদের উন্নতি করতে হবে। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলছি। শুরু থেকে খেলা কঠিন হলেও আমার জন্য ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এ জন্য ভালো লাগছে। তবে হারের জন্য নয়।’
‘আমি সৎ মানুষ। খেলা শেষে নিজেদের সমালোচনাই ন্যায্য। আমাদের তা মেনে নিতে হবে। আমরা ভালো খেলিনি। পুরো ম্যাচজুড়েই খারাপ খেলেছি। আমাদের নিয়ন্ত্রণে বল ছিল না। প্রতিপক্ষের থেকে বল আদায় করে নেয়াও কঠিন ছিল। ম্যাচে ফেরা কঠিন ছিল। আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে।’
‘সাম্প্রতিক সময়ে আমরা এমনকিছু হার দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষদিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান থেকে আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’







