অদ্ভুত ঘটনার সাক্ষী হল ভারতের পাটনা মইন উল হক স্টেডিয়াম। রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে নামার আগে বিহারের ভিন্ন দুটি দল মাঠে এসে উপস্থিত হয়। এ ঘটনা কেন্দ্র করে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ) কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় পুলিশের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়।
বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে এমনটা ঘটেছে। মাঠে পৌঁছানো দল দুটির মধ্যে একটি ছিল বিসিএ সভাপতি রাকেশ তিওয়ারির বাছাই করা অন্যটি সচিব অমিত কুমারের দেয়া। তবে এমন কোনো ক্রিকেটারই ছিলেন না, যিনি দুই দলে ছিলেন।
শুক্রবার রঞ্জি ট্রফিতে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বিহার ও মুম্বাইয়ের নামার কথা ছিল সকাল সাড়ে নটায়। বিহারের দল বিভ্রাটের কারণে খেলা শুরু হতে বিলম্ব হয় কিছুটা। শেষ পর্যন্ত সভাপতি রাকেশ তিওয়ারির বাছাই করা দলটি মাঠে নামে। পরে দুপুর পৌনে একটায় শুরু হয় খেলা। ম্যাচে সবচেয়ে কমবয়সী ভারতীয় খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে বিহারের হয়ে অভিষেক হয় বৈভব সূর্যভানশী। ১২ বছর ২৮৪ দিন বয়সী এই বাঁহাতি ব্যাটার ছিলেন রাকেশ তিওয়ারির দলে।
তবে রাকেশ তিওয়ারি ও অমিত কুমার দুজনেই নিজেদের দলকে আসল বলে দাবি করেছেন। বিএসএ সভাপতি রাকেশ বলেছেন, ‘আমরা যোগ্যতার ভিত্তিতে দল বেছে নিয়েছি, এটাই সঠিক দল। বিহার থেকে যে প্রতিভা আসছে তা দেখুন। আমাদের একজন ক্রিকেটার (শাকিব হুসেন) আছে, যাকে আইপিএলে নেয়া হয়েছে। ম্যাচে ১২ বর্ষী এক বিস্ময়কর প্রতিভার অভিষেক হয়েছে। অন্য দলটি বরখাস্ত করা সচিব বাছাই করেছে। তাই ওই দলটি আসল হতে পারে না।’

অন্যদিকে অমিত তিওয়ারি বরখাস্তের দাবিকে চ্যালেঞ্জ করেছেন। বলেছেন, ‘প্রথম কথা হল, আমি নির্বাচনে জিতেছি, এবং আমি বিসিএ-র একজন অফিসিয়াল সচিব। আপনি একজন সচিবকে বরখাস্ত করতে পারেন না। দ্বিতীয়ত, একজন সভাপতি কীভাবে দল নির্বাচন করতে পারেন? আপনি কি কখনও বিসিসিআই সভাপতি রজার বিনিকে দল ঘোষণা করতে দেখেছেন? আপনি সব সময়ে সচিব জয় শাহের স্বাক্ষর দেখতে পাবেন।’
এ ঘটনার পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গেটে একজন কর্মকর্তার ওপর আক্রমণ করার জন্য অমিতকে দায়ী করে বিসিএ। সেখানে বলা হয়েছে, ‘যারা ভুয়া দল বানিয়েছে, তারা বিসিএ=র ওএসডি মনোজ কুমারের উপর প্রাণঘাতী হামলা করেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তবে ঝামেলার পরেও বিহারের খেলায় তার প্রভাব পড়েনি। টস জিতে শক্তিশালী মুম্বাইকে ব্যাট করতে পাঠায় তারা। প্রথম দিনে ২৩৫ রানে মুম্বাইয়ের ৯ উইকেট তুলে নেয় বিহার। বিহারের হয়ে পেসার বীরপ্রতাপ সিংহ ৪ উইকেট নেন।







