গ্লোবাল সুপার লিগে প্রথম দুই ম্যাচে জয়ের খুব কাছে গিয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল রংপুর রাইডার্সকে। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখে বাংলাদেশের দলটি। চতুর্থ ম্যাচে লাহোর কালান্দার্সকে হারিয়ে কঠিন সমীকরণ মিলিয়ে ফাইনালের টিকিটই কেটে ফেলেছে নুরুল হাসান সোহানের দল। বৃষ্টি আইনে ২৩ রানে জিতেছে তারা।
টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। যারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে। শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ফাইনাল ম্যাচ।
গায়ানায় শুক্রবার লিগপর্বের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নেমে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে রংপুর। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লাহোরের জন্য লক্ষ্য ছিল ৯ ওভারে ১১১ রান। জবাবে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি তারা।
শুরুতে ব্যাটে নেমে দুই ওপেনারে দুর্দান্ত শুরু পায় রংপুর। বৃষ্টির পূর্বাভাস মাথায় নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করে তারা। ১৩ বলে ২২ করেন সৌম্য সরকার। তিনে নেমে সাইফ হাসান করেন ১৪ বলে অপরাজিত ২৭ রান। স্টিভেন টেইলর অপরাজিত ছিলেন ৩২ রানে। রংপুরের ইনিংসে ৯ ওভার খেলার পর নামে বৃষ্টি।
লাহোরের মিরাজ বাইগ, টম অ্যাবেল ও ফাহিম আশরাফ চেষ্টা করেও ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি। বৃষ্টি আইনে ২৩ রানের জয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও লাহোরকে পেছনে ফেলে ফাইনাল নিশ্চিত করে রংপুর।








