সিলেট থেকে: বড় জয়ের রেশ কাটতে না কাটতেই আবার মাঠে নামছে রাজশাহী ওয়ারিয়র্স। এবার তাদের প্রতিপক্ষ প্রথম ম্যাচ খেলতে নামা ঢাকা ক্যাপিটালস। নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে সুসংবাদ পেলেন রাজশাহীর ক্রিকেটার ও কোচিং স্টাফরা। সিলেট টাইটানসকে হারিয়ে বড় জয়ে বিশেষ বোনাস দিচ্ছে ফ্রাঞ্চাইজি দলটির মালিকপক্ষ।
সিলেটের বিপক্ষে শুক্রবারের ম্যাচে রুয়েল মিয়ার করা শেষ ওভারে ৫৮ বলে সেঞ্চুরি হাঁকান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই ওভারের চতুর্থ বলে ফিফটি করেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ ব্যাটারের পঞ্চাশ ছোঁয়ার পাশাপাশি জয়ও পায় রাজশাহী ওয়ারিয়র্স।
সিলেট টাইটানসের ১৯১ রানের লক্ষ্য দুই বল ও ৮ উইকেট হাতে থাকতেই পেরিয়ে যান হান্নান সরকারের শিষ্যরা। উদ্বোধনী ম্যাচে এমন জয় পাওয়ার পর ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের বোনাস দিয়েছেন রাজশাহীর মালিকপক্ষ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রাঞ্চাইজিটি জানায়, দুর্দান্ত সেঞ্চুরি এবং দলকে নেতৃত্ব দিয়ে অবদান রাখায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এক লাখ টাকা বোনাস দেয়া হয়েছে। তার সঙ্গে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে দেয়া হয়েছে ৫০ হাজার টাকা।
এছাড়া দলের বাকি সব ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্টিং স্টাফের প্রত্যেককে ১০ হাজার টাকা করে বোনাস দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে দলটি।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বোনাস শুধু জয়ের স্বীকৃতি নয়, বরং পুরো দল হিসেবে পারফরম্যান্স ও একতা ধরে রাখার অনুপ্রেরণা হিসেবেই দেয়া হয়েছে। রাজশাহী ওয়ারিয়র্সের এই উদ্যোগে খুশি খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট।







