বাংলাদেশ

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি বিষয়ে যে বার্তা স্পিকারের

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি বিষয়ে যে বার্তা স্পিকারের

সরকারি উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বেড়েছে। এ অবস্থায় সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার তদারকি করা সংসদ সদস্যদের দায়িত্ব।

তিনি বলেন, শুধু আইন প্রণয়নই সংসদ সদস্যদের দায়িত্ব নয়, সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও তাদের সাংবিধানিক দায়িত্ব। সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সামঞ্জস্য খুঁজে বের করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদকে কার্যকর সংসদ উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ সংসদের সদস্যরা দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নির্বাচিত হয়ে এসেছেন।

ওরিয়েন্টেশন কর্মশালা থেকে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন স্পিকার।

বিষয়:প্রকল্প বাস্তবায়ন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…