ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে হত্যার হুমকির বিষয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেছে কংগ্রেস। অভিযোগে বলা হয়েছে, রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিয়েছে এক বিজেপি নেতা।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাহুল গান্ধীকে প্রকাশ্য হুমকির বিরুদ্ধে সেই বিজেপি নেতা এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে কংগ্রেস।
দিল্লি পুলিশের কাছে পাঠানো চিঠিতে কংগ্রেস জানিয়েছে, একাধিক বিজেপি ও এনডিএ শরিকের নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিচ্ছে। রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু থেকে শুরু করে উত্তর প্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, তরবিন্দর সিং মারওয়াহ, শিবসেনা নেতা সঞ্জয় গাইকোয়াদের বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস।
কংগ্রেসের মতে, এই ধরনের উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে জম্মু-কাশ্মিরসহ বিভিন্ন রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে। কংগ্রেস স্পষ্ট করে জানায়, তারা হত্যার হুমকি থেকে ভয় পান না, তবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অপরিহার্য।








