বিনোদন

ট্রেলারেই মুগ্ধ দর্শক, রাফী বললেন ‘পরাণ দেখে কেউ হতাশ হবেন না’

পরাণ সিনেমার তিন চরিত্রের ছবি, একে অন্যের সাথে কথা বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরাণ সিনেমার তিন চরিত্রের ছবি, তারা একটি পাথরের দেয়ালে দাঁড়িয়ে আছেন, একে অন্যের সাথে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগেই টিজার ও গান প্রকাশ করে দর্শকের নজর কেড়েছিল রায়হান রাফী পরিচালিত ছবি ‘পরাণ’। এবার নতুন মাত্রা যোগ করলো ঈদে মুক্তি পেতে যাওয়া এ ছবির ট্রেলার।

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত আড়াই মিনিটের ট্রেলারটি প্রকাশের সাথে সাথেই লুফে নেয় দর্শক। বিশেষ করে ট্রেলার নজর কাড়েন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিমসহ ইয়াশ রোহান, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন।

ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে রায়হান রাফী বানিয়েছেন ‘পরাণ’। ২০১৯ সালে নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবিটি মুক্তি পাচ্ছে ঈদে। মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে ‘পরাণ’ নিয়ে দর্শকের মধ্যে বাড়ছে আগ্রহ।

সামাজিক যোগাযোগে মাধ্যমে পরাণ দেখার আগ্রহের কথা জানাচ্ছেন দর্শক। মুক্তির আগেই শুরু হয়েছে অগ্রিম টিকেট বুকিং। ‘পরাণ’ লাইভ টেক প্রযোজিত ছবি। রবিবার ছবিটি আনকাট সেন্সর লাভ করে।

নির্মাতা রাফী বলেন, পরাণ’র গান, টিজারের পর ট্রেলারও মানুষ খুব পছন্দ করেছেন। আমি আমার মনের মত করে ছবিটি বানিয়েছি। দর্শকরা আমার প্রতি আস্থাশীল। এবারও তারা হতাশ হবে না।

‘পরাণ’ সিনেমায় মেকাপ ছাড়াই অভিনয় করেছেন মিম। অফস্ক্রিনে তিনি যেমন, সেভাবেই এসেছেন স্ক্রিনে।

জনপ্রিয় এ চিত্রনায়িকা বলেন, ‘পরাণ’ আপনার আমার পাশের বাসার গল্পের ছবি। যে গল্পটার সঙ্গে মানুষ পরিচিত। ঈদে মানুষ যেমন ছবি পছন্দ করেন আমাদের ‘পরাণ’ তেমনই। ইয়াং জেনারেশন, ফ্যামিলি সবাই সিনেমা হলে গিয়ে দেখতে পারবে। আমার বিশ্বাস, আমাদের ‘পরাণ’ দেখলে দর্শক উপভোগ করবেন। পরাণ দেখলে নতুন এক মিমের সঙ্গে দর্শকের পরিচয় হবে।

শরিফুল রাজ বললেন, বিভিন্ন জন আমার চরিত্র বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন, যেটা আমি উপভোগ করছি। যখন ছবিটি হলে গিয়ে তারা দেখবেন ঠিক একই ভাবে উপভোগ করতে পারবেন। আমি আমার চেষ্টার কোনো কম রাখিনি।

শরিফুল রাজ আরও বলেন, একজন শিল্পী হিসেবে আমার কাজের ক্ষুধা প্রচুর। সেই সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে কাজের জন্য মুখিয়ে থাকি। নতুন কোনো ছবি এলে আগে দেখি গল্প ও চরিত্র কী! এই ‘পরাণ’ আমাকে সেই ঠিকঠাক চ্যালেঞ্জ দিয়েছে। বাকিটা দর্শক দেখুক। যে চরিত্রটি করেছি এটাকে এতটাই বুঁদ হয়েছিলাম যে, শুটিংয়ের পর সেখান থেকে বেরিয়ে আসতে সময় লেগেছে।

নির্মাতা রাফী জানান, ৩০টির মতো হলে ‘পরাণ’ ঈদে মুক্তি পাবে। তার বিশ্বাস, অতীতের পোড়ামন ২-এর মতো তার নতুন ছবি পরাণও দর্শক পছন্দ করবে।

বিষয়:ট্রেলার পরাণ বিদ্যা সিনহা মিম রায়হান রাফী শরিফুল রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…