কানাডায় বাড়তে থাকা বর্ণবাদ ও অভিবাসীদের প্রতি ঘৃণার পরিবেশে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে টরন্টোর একটি ম্যাকডোনাল্ডসে এক মদ্যপ ব্যক্তি এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে হামলা করতে দেখা যায়।
মঙ্গলবার (৪ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভিডিওটি ১ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, যুবকটি কাউন্টারের কাছে দাঁড়িয়ে ছিলেন, যখন মদ্যপ ব্যক্তি হঠাৎ তাঁর ওপর শারীরিকভাবে আক্রমণ করেন। হামলার সময় আক্রমণকারী তাঁকে ‘অহংকারী’ বলে গালাগাল করেন এবং গলা ধরার চেষ্টা করেন। ভারতীয় যুবকটি শান্তভাবে প্রতিরোধ করলেও হামলাকারী পিছু হটেননি, যতক্ষণ না এক ব্যক্তি হস্তক্ষেপ করে তাঁদের বাইরে যেতে বলেন।
পুলিশ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং হামলাকারী ও ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করা যায়নি।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন সম্প্রতি ৫৫ বছর বয়সী কানাডীয়-ভারতীয় ব্যবসায়ী আরভি সিং সাগু এক অচেনা ব্যক্তির হাতে প্রাণ হারান। তিনি এক ব্যক্তিকে নিজের গাড়িতে প্রস্রাব করা থেকে বিরত করতে গেলে হামলাকারী তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে মারা যান।
এমন ধারাবাহিক ঘটনাগুলো কানাডায় অভিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে এবং সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জোরদার করেছে।







