শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেও হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এবার সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। একাদশে এসেছে দুই পরিবর্তন।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার দুপুরে গড়িয়েছে সিরিজের প্রথম ওয়ানডে।
টানা বাজে পারফরম্যান্সের পরও স্কোয়াডে ফিরলেও, প্রথম ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি লিটন দাস। এবার দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ দেয়া হলো অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারকে। এছাড়া এই ম্যাচে রাখা হয়নি প্রথম ম্যাচে ৪ উইকেট নেয়া তাসকিন আহমেদকে।
তাদের জায়গায় একাদশে ফিরেছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ। ২০২৩ সালের এশিয়া কাপের পর এবারই প্রথম ওয়ানডে খেলতে নামছেন শামীম। লোয়ার-মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনও করতে দেখা যেতে পারে তাকে।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও চলতি বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজেও সম্প্রতি ভালো করতে পারছে না বাংলাদেশ। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও।
২০০৬ সালের পর প্রথমবার এখন র্যাঙ্কিংয়ের দশ নম্বরে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। সামনের দেড় বছরে এখন সেটিই ওয়ানডের অধিনায়ক মিরাজের প্রধান লক্ষ্য।







