শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চীনে ভ্লাদিমির পুতিন

চীনে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আজ সকালে চীন পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম কোন বড় দেশে সফর।
সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, আজ ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে চীনের রাজধানী বেইজিং-এ পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসবেন তিনি।
চীনে এই সপ্তাহে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বৈঠকে যোগ দিচ্ছে ১৩০টি দেশ। চীনের আমন্ত্রিত অতিথিদের তালিকায় প্রথমেই ছিল পুতিনের নাম। পুতিনও জানিয়েছেন, প্রিয় বন্ধু শি’র সঙ্গে দেখা করতেই চীন এসেছেন তিনি।
চীন এবং রাশিয়ার মধ্যে এখন সম্পর্ক খুবই ভালো। ইউক্রেন যুদ্ধে চীন এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধাচরণ করেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, পুতিন এই সফরে চীনের সমর্থনের জন্য কোন প্রতীকী আচরণ করবেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাকে প্রধান অতিথির সম্মান দেয়া হয়েছে, সেজন্য তিনি চীনকে ধন্যবাদ জানাচ্ছেন। এই সফরের ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও বাড়বে।
চীনের ব্রডকাসটার সিজিটিএনকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, শি আমাকে বন্ধু বলে সম্বোধন করেন, আমিও তাকে বন্ধু বলে ডাকি।






