সিনিয়রদের অনুপস্তিতি টের পেতে দিলেন না শেখর ধাওয়ান। নিজের শতরান হাতছাড়া হওয়ার দিনে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারত। তবুও হতাশ সফরকারী অধিনায়ক, লড়াইয়ে ফেরায় ওয়েস্ট ইন্ডিজ দলের প্রশংসাও করেছেন। ৩ রানে ম্যাচ হারলেও লড়ার মানসিকতাকে জয়ের মতোই দেখছেন স্বাগতিক অধিনায়ক নিকোলাস পুরান।
ক্যারিবিয়ান সফরে ত্রিনিদাদে প্রথম ওয়ানডেতে টস হেরে ৭ উইকেটে ৩০৮ রান তুলেছিল ভারত। জবাবে শেষ পর্যন্ত লড়াই চালায় পুরান-মেয়ার্সরা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তোলে ৩০৫ রান। স্বাগতিকরা পায় ৩ রানের তিক্ত হারের স্বাদ।
ম্যাচ শেষে উইন্ডিজদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন শেখর ধাওয়ান। নিজের শতক হাতছাড়া হওয়ার আক্ষেপও ঝড়েছে ভারত অধিনায়কের মুখে, ‘শতরান না পাওয়ায় আমি হতাশ। তবে দল দারুণ করেছে। শেষ পর্যন্ত আমরা ভালো স্কোর করেছিলাম।’
‘শেষটায় সত্যি চাপে পড়ে গিয়েছিলাম। আমরা ভাবিনি ওরা এভাবে ঘুরে দাঁড়াবে। আমাদের শান্ত রেখেছিলাম এবং শেষ পর্যন্ত একটি ছোট পরিবর্তন করেছিলাম। আমাদের ফাইন লেগকে পেছনে রেখেছিলাম। এটা সত্যি কাজে এসেছিল।’
ম্যাচ হারলেও দলের পারফর্ম্যান্সে খুশি স্বাগতিক অধিনায়ক পুরান, ‘এটা আমাদের কাছে জয়ের মতোই। অনেকটা তিক্ত মিষ্টি। কিন্তু হ্যাঁ, আমরা ৫০ ওভার ব্যাট করার কথা বলেছিলাম এবং সবাই দেখেছে আমরা কী করতে পারি। আশা করি এখান থেকে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারব। সিরিজের বাকি অংশে চোখ রাখছি।’







