অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়েছে তরুণ টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের। লাহোর কালান্দার্সের হয়ে দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে একাদশে ছিলেন তিনি। করেছেনও দুর্দান্ত। লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন।
পিএসএলে খেলার সুযোগ পাওয়ার আগে রিশাদ হোসেন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। ওই টুর্নামেন্টে তার পারফরম্যান্সের ভিত্তিতে লাহোর কালান্দার্স দলে নেয়।
রিশাদের শুরুটা হয়েছে দারুণ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে তার দল। ৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট নিয়ে জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশের লেগ স্পিনার। উইকেট পেয়েছেন কোয়েটার সর্বোচ্চ স্কোরার রাইলি রুশোর। সঙ্গে শিকার করেছেন মোহাম্মদ আমির এবং আবরার আহমেদকে। ব্যাটে নেমে ১ বলে ১ রানে অপরাজিত থাকেন রিশাদ।
৩ উইকেট শিকারের সুবাদে খুচরা তিন রেকর্ডের তালিকায় নাম উঠিয়েছেন বাংলাদেশের তারকা স্পিনার। যার দুটো পিএসএলের সাপেক্ষে। আর একটা বাংলাদেশের খেলোয়াড়দের তালিকায়।
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিংয়ের দুইয়ে এখন রিশাদ। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের লাহোরের বিপক্ষে ১৪ রানে ২ উইকেটের বোলিংকে। শীর্ষে মাহমুদউল্লাহ রিয়াদ।
৩১ রানে ৩ উইকেট নেয়ার দিনে পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিংয়ে দুইয়ে চলে এসেছেন রিশাদ। কদিন আগে লাহোরের বিপক্ষে ইসলামাবাদের পেসার জেসন হোল্ডার পেয়েছিলেন ৪ উইকেট। সেটা সেরার তালিকায়। এরপরই রিশাদের ৩ উইকেটের বোলিং ফিগার।
পিএসএলে খেলার আগে, রিশাদ হোসেন কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লিগে টরন্টো ন্যাশনালসে খেলেছেন। সেটি ছিল তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা। এছাড়া, জিম-আফ্রো টি-টেন লিগেও অংশ নিয়েছিলেন তিনি।







