ইতালির প্রথম বিভাগ ফুটবল লিগ সিরি আ’র ক্লাব সাম্পদোরিয়া কিনতে আগ্রহ প্রকাশ করেছে কাতারি বিনিয়োগ প্রতিষ্ঠান ‘কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস’ (কিউএসআই)। প্রতিষ্ঠানটি লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) মালিকপক্ষ।
ইউরোপের গণমাধ্যমে প্রতিবেদন, চলতি মৌসুমে সিরি আ’তে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সাম্পদোরিয়ার একটি ‘ছোট অংশীদারিত্ব’ কিনতে আগ্রহ প্রকাশ করেছে কিউএসআই। এবারের আসরে দুই ম্যাচ বাকি থাকলেও রেলিগেশন ঠেকাতে পারেনি ইতালিয়ান ক্লাবটি।
বর্তমান সময়ে শীর্ষ দলগুলোর মধ্যে না থাকলেও ক্লাবটির অতীত ছিল বেশ রঙিন। সিরি আ’তে ১৯৮০ ও ’৯০-এর দশকে প্রথমসারির দল হিসেবে দেখা হতো সাম্পদোরিয়াকে। ১৯৯০-৯১ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হওয়া দলটি সেসময় জনপ্রিয়তায় ছিল সেরা দলগুলোর অন্যতম। পরের বছর বার্সেলোনার সঙ্গে হেরে ইউরোপিয়ান কাপে রানার্সআপ হয়েছিল।
কিউএসআই ও পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি ২০১১ সালে ফ্রেঞ্চ ক্লাবটির মালিকানা নেয়ার পর ইউরোপের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে ফরাসি ক্লাবটি।
পর্তুগিজ লিগের দল ব্রাগার ২২ শতাংশ শেয়ারের মালিকানাও কাতারের এই প্রতিষ্ঠানটির। ফুটবল সাম্রাজ্যকে আরও বেশি প্রসারিত করতেই সাম্পদোরিয়ার মালিকানার একটি অংশ কেনার পদক্ষেপ নিচ্ছে কাতারি মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের একাধিক ক্লাব একই মালিকানাধীন হওয়ার ব্যাপারটি খুবই সাধারণ হয়ে উঠেছে। আবুধাবির মালিকানাধীন ম্যানচেস্টার সিটি হল সিটি ফুটবল গ্রুপের ফ্ল্যাগশিপ ক্লাব। যারা লা লিগার জিরোনা, ফরাসি ক্লাব ট্রয়েস, মেলবোর্ন সিটি এবং নিউ ইয়র্ক সিটি এফসির মালিক।







