গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও হামাসের হাতে আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভকারীরা সমাবেশও করছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আজ সকাল থেকে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি রাস্তা অবরোধ করে সমাবেশ শুরু করে।
এতে অংশ নিয়েছে জিম্মিদের পরিবার এবং ইসরায়েলের সাধারণ মানুষ। দেশজুড়ে এই বিক্ষোভের আয়োজন করেছে ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম’ নামক একটি গ্রুপ, যারা অনেকদিন ধরেই জিম্মিদের মুক্তির বিষয়টিতে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা বলে আসছে।
তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তিনি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করেন এবং হামাসের হাতে আটক থাকা জিম্মিদেরকে মুক্ত করতে ভূমিকা রাখেন।
ধারণা করা হচ্ছে, হামাস যাদেরকে জিম্মি করে নিয়ে গিয়েছিল, তাদের মাঝে ২০ জন এখনো জীবিত আছেন।
এদিকে, ইসরায়েলের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ চলায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশজুড়ে মহাসড়কগুলোতে এখন গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।








