বিতর্কিত আর্থিক বিল পাস হওয়ায় পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা দেশটির সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় বিক্ষোভকারীদের থামাতে পুলিশের ছোড়া গুলিতে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার কেনিয়ার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে ছত্রভঙ্গ করতে ব্যর্থ হলে তাদের ওপর গুলি চালায় পুলিশ, এতে অন্তত পাঁচজন বিক্ষোভকারী নিহত এবং অনেকেই আহত হন। হামলায় আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সৎ বোন আউমা ওবামা।
একজন প্যারামেডিক ভিভিয়ান আচিস্তা জানিয়েছেন, অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আরেক প্যারামেডিক রিচার্ড এনগুমো বলেছেন, পুলিশের গুলিতে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তিনি সংসদের বাইরে আহত দুই বিক্ষোভকারীকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যান বলে জানিয়েছেন।
পার্লামেন্টে প্রবেশের চেষ্টাকারী বিক্ষোভকারী ডেভিস তাফারি বলেন, আমরা সংসদ বন্ধ করতে চাই এবং প্রত্যেক এমপির পদত্যাগ করা উচিত। আমাদের একটি নতুন সরকার হবে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কাঁদনে গ্যাস ও গুলি চালিয়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ করে এবং ভূগর্ভস্থ টানেল দিয়ে এমপিদের অনত্র্য সরিয়ে নেয়া হয়।
উচ্চ মূল্যস্ফীতিতে কেনিয়ায় জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে উঠেছে। এর মধ্যে সরকার কর বৃদ্ধি করায় দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।
একই দাবিতে কেনিয়ার রাজধানী নাইরোবি ছাড়া দেশটির অন্যান্য বড় ও ছোট শহরেও বিক্ষোভ চলছে। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটছে।
উল্লেখ্য, কয়েক দিন আগে দেশটির পার্লামেন্টে নতুন একটি আর্থিক বিল পাস করা হয়। কেনিয়ার ঋণের বোঝা কমাতে ২৭০ কোটি ডলার আয়ের লক্ষ্যে নতুন আর্থিক বিল করতে চায় সরকার। আইনটি অনুমোদিত হয়েছে পার্লামেন্টে। আইনপ্রণেতাদের তৃতীয় ধাপের পর্যালোচনা শেষে স্বাক্ষরের জন্য বিলটি পাঠানো হবে প্রেসিডেন্টের কাছে। এখন প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই তা আইনে পরিণিত হবে।










