ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘের চলমান কপ৩০ জলবায়ু পরিবর্তন সম্মেলনে বিক্ষোভকারীদের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
ব্রাজিলিয়ান ও জাতিসংঘ কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে বিবিসি।
নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের সম্মেলনস্থলে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করলে প্রবেশপথে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়।প্রতিবাদকারীদের মধ্যে আদিবাসী গোষ্ঠীর সদস্যরাও ছিলেন। কেউ কেউ ঐতিহ্যবাহী আদিবাসী পোশাক পরে সম্মেলনের প্রবেশদ্বারে হামলা চালিয়ে দরজা লাথি মেরে ভেঙে ফেলে এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি করে। বিক্ষোভকারীরা প্রথম নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে সক্ষম হলেও পরে তাদের আরও ভেতরে ঢোকা থেকে বিরত রাখা হয়।
প্রতিবাদের সময় অনেকের হাতে “আমাদের জমি বিক্রির জন্য নয়” স্লোগান লেখা পতাকা ছিল।
বার্তা সংস্থা রয়টার্সকে টুপিনাম্বা সম্প্রদায়ের এক আদিবাসী নেতা বলেন, কৃষি ব্যবসা, তেল অনুসন্ধান, অবৈধ খনি শ্রমিক এবং অবৈধ কাঠুরেদের হাত থেকে আমাদের ভূমি মুক্ত হোক।
আদীবাসীদের অবস্থান:
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার আদিবাসী ব্যক্তি কপ৩০ সম্মেলনে অংশ নিচ্ছেন। এই বছরের সম্মেলনকে “আদিবাসী জনগণের কপ” হিসেবে অভিহিত করা হয়েছে। ব্রাজিলিয়ান আয়োজকরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা আলোচনার কেন্দ্রে আদিবাসী জনগণকে রাখবেন।
ব্রাজিলের আদিবাসী জনগণের মন্ত্রী সোনিয়া গুয়াজাজার কপ৩০-কে “ঐতিহাসিক” ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদিবাসী জনগণ পৃথিবীর অবশিষ্ট জীববৈচিত্র্যের ৮০ শতাংশ সংরক্ষণ করছে—তবুও তারা আন্তর্জাতিক জলবায়ু তহবিলের এক শতাংশেরও কম পায়।
আদিবাসী জনগণ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ তাদের জীবনধারা ও অর্থনীতি প্রাকৃতিক পরিবেশ ও সম্পদের উপর নির্ভরশীল।
অ্যামাজনের বাসিন্দারা পরিবেশ ধ্বংস ও বন উজাড়ের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ক্ষুব্ধ। ব্রাজিল এখনও নতুন তেল ও গ্যাস অনুসন্ধানের অনুমতি দিচ্ছে, যা কয়লাসহ প্রধান জীবাশ্ম জ্বালানি এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ।
বন রক্ষার তহবিলে অর্থ দেবে না চীন:
চীন আপাতত ব্রাজিলের প্রধান বন সংরক্ষণ তহবিল ট্রপিক্যাল ফরেষ্ট ফরেভার ফেসালিটি (টিএফএফএফ) এ অর্থ দিতে রাজি হয়নি। বেইজিং জানিয়েছে, বৈশ্বিক জলবায়ু অর্থায়নে ধনী দেশগুলোই নেতৃত্ব দেবে।
ব্রাজিলের সংবাদপত্র ফলহা ডি এস পাওলো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনা আলোচকরা তাদের ব্রাজিলীয় সমকক্ষদের বলেন, বেইজিং তহবিলটির ধারণাকে নীতি পর্যায়ে সমর্থন করে। তারা জানিয়েছে, শিল্পোন্নত দেশগুলো, যারা জীবাশ্ম জ্বালানির মাধ্যমে সমৃদ্ধি অর্জন করেছে, তাদেরই মূলত অর্থায়ন ও নির্গমন কমানোর প্রধান দায়িত্ব নিতে হবে।
১৯৯২ সালের রিও আর্থ সামিটের পর থেকেই চীন দাবি করে আসছে যে, তারা একটি উন্নয়নশীল দেশ, তাই তাদের দাতা হিসেবে কাজ করার বাধ্যবাধকতা নেই। বরং তারা বলে, তাদের ভূমিকা হলো দেশে নির্গমন কমানো ও প্রযুক্তি হস্তান্তর করা, সরাসরি অর্থায়ন নয়।
চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং বলেন, “উন্নত দেশগুলোকে নির্গমন কমানোর নেতৃত্ব নিতে হবে, তাদের আর্থিক প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে আরও সহায়তা দিতে হবে।”
নতুন জলবায়ু সহায়তা পরিকল্পনা:
ব্রাজিল কপ–এর দ্বিতীয় দিনে একটি নতুন বৈশ্বিক জলবায়ু সহযোগিতা পরিকল্পনা চালু করেছে, যার নাম প্লান ফর এক্সিলেরেরিং সল্যুসন (সিএএস) বা “সমাধান ত্বরান্বিত করার পরিকল্পনা”। এই পরিকল্পনা জাতীয় ও স্থানীয় পর্যায়ের সরকার এবং সমাজের বিভিন্ন খাতের মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করবে—যা প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য অত্যাবশ্যক বলে বিবেচিত হচ্ছে।

ব্রাজিলের নতুন বৈশ্বিক জলবায়ু কর্মপরিকল্পনা প্যারিস চুক্তির বাস্তবায়নে সহযোগিতা ত্বরান্বিত করবে বলে জানানো হয়েছে।
একই অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় যে, ব্রাজিল ও জার্মানি এখন থেকে কোয়ালিশন ফর হাই এম্বিশন মাল্টিলেভেল পার্টনারশীপ (সিএইচএএমপি)–এর সহ-সভাপতির দায়িত্ব পালন করবে। এটি ৭৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি জোট। যা জাতীয় ও স্থানীয় সরকারের মধ্যে জলবায়ু নীতি ও অর্থায়নে সমন্বয় জোরদার করতে কপ২৮–এ গঠিত হয়েছিল।
এই পরিকল্পনার লক্ষ্যগুলো হলো:
২০২৮ সালের মধ্যে ১০০টি দেশ তাদের জাতীয় জলবায়ু পরিকল্পনা এনডিসিস বাস্তবায়নের জন্য বহুস্তরীয় শাসন কাঠামো তৈরি করবে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা হবে ১২০। সিএইচএএমপি ও জাতিসংঘের আবাসন সংস্থা এর সহায়তায় ছয় হাজারের বেশি সরকারি কর্মকর্তা ও পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এই বছরের সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তির দশ বছর পূর্তিতে—যে চুক্তিতে দেশগুলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি শিল্প-পূর্ব যুগের চেয়ে ১.৫° সেলসিয়াসের মধ্যে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল।







