চীনে গণতন্ত্রপন্থী নেতাদের নানা মেয়াদে কারাদণ্ড

দুই নেতা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, বিভিন্ন মিডিয়ার ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চীনের হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শীর্ষ গণতন্ত্রপন্থী নেতাদের দীর্ঘ কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
বিবিসি জানিয়েছে, আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার হংকংয়ে বিতর্কিত অ্যাক্টিভিস্ট বেনি তাইকে ১০ বছর এবং জোশুয়া ওয়াংকে ৪ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। এরা দু’জনই হংকং ৪৭ নামে পরিচিত গোষ্ঠীর সদস্য, যারা স্থানীয় নির্বাচনে বিরোধী প্রার্থীদের মনোনয়নের জন্য একটি পরিকল্পনা করেছিলেন।
মোট ৪৭ জন অ্যাক্টিভিস্ট, বিরোধী আইনপ্রণেতা এবং সাধারণ নাগরিককে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়। তাদের অধিকাংশই রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়েছেন, যদিও দু’জনকে খালাস দেওয়া হয়েছে। এই মামলা চীনের আরোপিত জাতীয় নিরাপত্তা আইনের বৃহত্তম প্রয়োগ হিসেবে বিবেচিত হয়েছে। ২০১৯ সালের গণতন্ত্রপন্থী আন্দোলনের পরপরই এই আইন কার্যকর করা হয়।
এই মামলাটি হংকংবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সাজা ঘোষণার আগে অনেকেই আদালতে প্রবেশের জন্য সারারাত লাইনে দাঁড়িয়ে ছিলেন। এই রায় হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের জন্য একটি বড় ধাক্কা এবং শহরের রাজনৈতিক ভবিষ্যতের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।






