নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। বুধবার ২ অক্টোবর রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাকলু উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের এনায়েত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বাড়ি থেকে পাকলুসহ তিন মৎস্যজীবীর মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে তারা উপজেলার আমতলী গ্রামে পৌঁছলে বজ্রপাতের শিকার হয়। এতে পাকলু ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় তার সাথে থাকা অপর দুই মৎস্যজীবীর আহত হয়। নিহত পাকলুর স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা।
হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.মনিরুজ্জামান বলেন, বিষয়টি কেউ থানাকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হবে।







