কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
প্রস্তাবিত বাজেট পাসের আগে করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আজ সোমবার জাতীয় সংসদে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী আরও কয়েকটি ক্ষেত্রে শুল্ক–কর কমানোর প্রস্তাব পুনর্বিবেচনা করতেও অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘নরমালি দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হলেও মানসিকভাবে ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই।’
তিনি জানান, প্রস্তাবিত বাজেটে শিক্ষার্থীসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব ছিল। এছাড়া বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তির দলিলের নামজারি (মিউটেশন) প্রক্রিয়াতেও টিআইএন দাখিলের বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, এসব প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাই তিনি অর্থমন্ত্রীর প্রতি এ বিধানগুলো প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ নিয়ে জনমনে বিভিন্ন বিভ্রান্তি দেখা দিয়েছে। আমি অর্থমন্ত্রীকে প্রস্তাব করবো, যেন এই বিষয়টিও যেনো প্রত্যাহার করা হয়।






