অর্থনীতি

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা দিচ্ছেন, তিনি একটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে সেজন্য আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নবনিযুক্ত মন্ত্রীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র রমজান ঘনিয়ে আসছে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিন। কারণ এই মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো উচিত নয়।’

শনিবার (১৩ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসা নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। টুঙ্গিপাড়ায় তার নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিব মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন।

সচিব বলেন, এটি একটি অনানুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠক ছিল। প্রধানমন্ত্রী রমজানের সময় বিশেষ করে বড় মজুদদাররা যাতে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য জরুরি পণ্য মজুদ করতে না পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য মন্ত্রীদের নির্দেশ দেন।

মন্ত্রীদের এই বিষয়ে নিয়মিত মজুতবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখুন যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে।’

প্রধানমন্ত্রীর সচিব বলেন, প্রধানমন্ত্রী প্রথমবারের মতো নবনিযুক্ত মন্ত্রীদের প্রথমে তাদের মন্ত্রনালয়ের সার্বিক বিষয়ে তথ্য জানার জন্য নির্দেশ দেন। শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য কল্যাণকর যে কোনো প্রকল্প গ্রহণের সময় মন্ত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেন।

বিষয়:নিত্যপণ্যের দাম পবিত্র রমজান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…