পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে।
সরকারের মতে, এর মাধ্যমে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি ধাপ পূরণ হবে। এর আগে সরকার ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খালখনন কর্মসূচি চালু করেছে। নতুন এই ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে কৃষকদের জন্য আর্থিক সহায়তা ও বিভিন্ন সেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং কার্যক্রম চালু হবে। এতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক অন্তর্ভুক্ত হবেন। প্রতিটি কার্ডধারী বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, মৎস্য ও প্রাণিখাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ কেনা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পাবেন।
একই দিনে দেশের আরও নয়টি স্থানে প্রাক-পাইলট কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, রাজবাড়ী, মৌলভীবাজার এবং জামালপুর জেলার বিভিন্ন উপজেলা। এছাড়া কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় ১৭ এপ্রিল এ কার্যক্রম শুরু হবে।







