জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ১০তলা বিশিষ্ট ছয়টি আবাসিক হল এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল ১১টার দিকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
নতুন হল উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করে শিক্ষক-শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, জাবির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে হলগুলো চালুর মাধ্যমে জাবি থেকে গণরুম সংস্কৃতি জাদুঘরে যাবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। তিনি বলেন, জাহাঙ্গীরনগরকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। নতুন হল চালুর মাধ্যমে শিক্ষার্থীদের আর কোন আবাসন সংকট থাকবে না। এখানে শিক্ষার্থীরা পড়ালেখা ও গবেষণার অত্যাধুনিক সব সুবিধা পাবে।
এর আগে, গত ১০ আগস্ট এক সিন্ডিকেট সভায় নবনির্মিত হলগুলোর নামকরণ করা হয়। মেয়েদের ৩টি (১৭, ১৮ ও ১৯ নম্বর) হলের নাম যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল এবং ছেলেদের ৩টি (২০, ২১, ২২ নম্বর) হল যথাক্রমে শহীদ তাজউদ্দীন আহমেদ হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।







