অর্থনীতি

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ার তাগিদ বিশেষজ্ঞদের

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ার তাগিদ বিশেষজ্ঞদের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হলেও সেই অনুপাতে বদলাচ্ছে না শ্রমবাজার। এ ব্যবধান কমাতে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, কাজের সুযোগ বাড়ানো এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস আয়োজিত অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ফারজানা মুন্সীর লেখা ‘দ্য লেবার মার্কেট ইন বাংলাদেশ: ইমার্জিং চ্যালেঞ্জেস, ফিউচার অব ওয়ার্ক অ্যান্ড পলিসি ডিরেকশন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে রাউটলেজ।

বইটিতে বাংলাদেশের শ্রমবাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে অনানুষ্ঠানিক কর্মসংস্থানের আধিক্য, তরুণ ও উচ্চশিক্ষিতদের বেকারত্ব, চাকরির চাহিদার সঙ্গে দক্ষতার অসামঞ্জস্য এবং নারী-পুরুষের কর্মসংস্থানে বৈষম্য। পাশাপাশি প্রযুক্তির পরিবর্তন, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ভবিষ্যতের কর্মজগতে তৈরি হওয়া চ্যালেঞ্জও বিশ্লেষণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছে। অনেক দেশ মধ্যম আয়ের স্তরে পৌঁছালেও শেষ পর্যন্ত শিল্পোন্নত ও উচ্চ আয়ের দেশে পরিণত হতে পারেনি।

তিনি বলেন, দেশে বড় বড় অবকাঠামো তৈরি হলেও সেগুলো পরিচালনা ও কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল নেই। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে যে ধরনের শিক্ষা ও দক্ষতা দেওয়া হচ্ছে, চাকরির বাজারে অনেক ক্ষেত্রে তার চাহিদা নেই। দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে স্বল্প মজুরির শ্রম ও জনশক্তি রপ্তানির ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দেন তিনি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতি বেশি আয় ও মূল্য সংযোজন করতে সক্ষম শিল্প ও সেবা খাতের দিকে এগোচ্ছে। কিন্তু কর্মসংস্থানে সেই পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া এবং নতুন কর্মসংস্থান তৈরি করা কঠিন হয়ে পড়ছে।

সিপিডির আরেক সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, অর্থনৈতিক সুযোগ থেকে কোনো জনগোষ্ঠী বঞ্চিত হলে তাদের ব্যক্তিগত সম্ভাবনা সীমিত হওয়ার পাশাপাশি দেশের উৎপাদনশীলতাও ক্ষতিগ্রস্ত হয়। তাই শুধু কর্মসংস্থানের সংখ্যা বাড়ানো নয়, কাজের মান নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে অনেক কাজ এখন যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এতে কর্মক্ষেত্রের ধরন বদলে যাচ্ছে। তবে মানুষের সৃজনশীলতা, পর্যবেক্ষণ ক্ষমতা ও নতুন চিন্তা করার দক্ষতার বিকল্প নেই। পরিবর্তিত শ্রমবাজারের সঙ্গে তাল মেলাতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে আলোচনা সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের চেয়ারপারসন অধ্যাপক ওয়াসিকুর রহমান খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় মানসম্মত শিক্ষা, জেন্ডার সমতা এবং শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন বিষয় উঠে আসে।

বিষয়:বাংলাদেশের অর্থনীতি ব্র‌্যাক ইউনিভার্সিটি শ্রমবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…