বাংলাদেশ

যানজট কমাতে রিং রোড প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট কমাতে রিং রোড প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেওয়া হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।

সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত এবং প্রকল্পের কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

এর আগে জুলাইয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় জানানো হয়েছিল, ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের গাবতলী-বাবুবাজার এবং পোস্তগোলা-ডেমরা অংশের নির্মাণকাজ চলমান রয়েছে। রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশও প্রকল্পের আওতায় রয়েছে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:ঢাকা মহানগরের যানজট নিরসন নৌপরিবহনমন্ত্রী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্থানীয় সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…